1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন

 
 
 

 

 | 08.01.2009 | 01:00 UTC

ই.ইউ.র মনিটররা উপস্থিত হলে গ্যাস সরবরাহ করবে রাশিয়া

রুশ-ইউক্রেন সীমান্তে ইউরোপীয় ইউনিয়নের মনিটররা উপস্থিত হলেই, আবারো গ্যাস সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া৷ এদিকে, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সভাপতি দেশ চেক প্রজাতন্ত্র-এর প্রধানমন্ত্রী মিরেক টোপোলানেক এবং ইউরোপীয় কমিশন রাশিয়ার প্রতি যতো দ্রুত সম্ভব গ্যাস সরবরাহ চালু করার আহ্বান জানিয়েছে৷ জানা গেছে, বৃহস্পতিবার ব্রাসেলস-এ অনুষ্ঠীয় ই.ইউ. সম্মেলনে রাশিয়া, ইউক্রেন, গাজপ্রম ও নাফটোগাজ-এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা৷ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো জানিয়েছেন : এক্ষুনি এই সমস্যার একটা কার্যকরী সমাধান খুঁজে বের নমা করা গেলে, ইউরোপের কাছে রাশিয়া গ্যাস সরবরাহকারী হিসেবে এবং ইউক্রেন গ্যাস সরবরাহের মাধ্যম হিসেবে তাদের নির্ভরযোগ্যতা হারাবে৷

৩ ঘন্টা যুদ্ধবিরতির পর গাজায় আবারো হামলা ইসরায়েলের

ইসরায়েল ফ্রাঙ্কো-মিশরীয় যুদ্ধবিরতি পরিকল্পনা খতিয়ে দেখলেও, বুধবার ৩ ঘন্টার যুদ্ধবিরতির পর, গাজার দক্ষিণে অবস্থিত রাফাহ শহরে আবারো দু-দুটি বিমান হামলা করেছে ইসরায়েল৷ তাই গাজাতে একটি চিরস্থায়ী যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মিশর এবং ফ্রান্স৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস-ও একটি চিরস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাঁর সমর্থন ব্যাক্ত করেছেন৷ এদিকে, ফ্রাঙ্কো-মিশরীয় যুদ্ধবিরতির পরিকল্পনা আগামী ৪৮ ঘন্টার মধ্যে কার্যকর হতে পারে বলে জানিয়েছে হামাস দলের এক মুখপাত্র৷ আর গাজাতে শান্তবাহিনী পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে জার্মানি৷ দৃশ্যত, ১২ দিনব্যাপী এই ইসরায়েলী আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছে৷ আহতের সংখ্যা আরো প্রায় ৩১০০৷ 

প্রথম অধিবেশন থেকেই সংসদে যোগ দেবে বিএনপি

শপথ নিয়ে প্রথম অধিবেশন থেকেই সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি৷ দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার রাতে নির্বাচিত সাংসদদের সঙ্গে এক বৈঠকে বসেন৷ আর তারপরই এই ঘোষণা দেন খালেদা জিয়ার উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী৷ বিএনপি জানায়, সংসদে গিয়ে তারা চেষ্টা করবেন, আওয়ামী লীগের দেওয়া প্রতিশ্রুতি আদায় করতে৷ আর মন্ত্রীত্ব না নিলেও, সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্বটি তারা নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের অন্যতম বিরোধী এই দলটি৷

আজমাল কাসব পাকিস্তানের নাগরিক ছিল : পাকিস্তান

মুম্বাই সন্ত্রাসী হামলায় একমাত্র জীবিত বন্দুকধারী আজমাল কাসব পাকিস্তানের নাগরিক ছিল – ভারতের এই অভিযোগ অবশেষে সমর্থন করলো পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়৷ অথচ, দুদিন আগে পর্যন্তও আজমাল-এর নাগরিকত্ব নিয়ে সন্দিহান ছিল পাকিস্তান৷ উল্লেখ্য, মুম্বাই হামলাকারীরা মোবাইল ফোনে সব অপহৃতদের হত্যার এবং মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত ধর্মের নামে যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ পেয়েছিল৷ আর এই চাঞ্চল্যকর মোবাইল সংলাপই মুম্বাই হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগসূত্রের প্রমাণ৷ বুধবার দ্য হিন্দু পত্রিকায় এই আলাপের সারসংক্ষেপ জনসম্মুখে প্রকাশ করা হয়৷ ভারতীয় কর্তৃপক্ষের দাবি, মোবাইল ফোন মারফত অন্তত ৬ জন পাকিস্তান থেকে সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রেখেছিল৷

এলটিটিই-কে নিষিদ্ধ ঘোষণা করেছে শ্রীলংকা

জঙ্গি সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলম বা এলটিটিই-কে আবারো নিষিদ্ধ ঘোষণা করেছে শ্রীলংকা সরকার৷ এদিকে, বুধবার তামিল টাইগারদের শেষ ঘাঁটি জাফনা উপদ্বীপে সেনাবাহিনীর অভিযান মোকাবেলা করার অঙ্গীকার করেছে এলটিটিই৷ অন্যদিকে, জাফনার অদূরে ঐ সেনা অভিযানে এলটিটিই কোণঠাসা হতে শুরু করেছে বলে জানিয়েছেন শ্রীলংকা সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা৷ শুধু তাই নয়, জাফনার প্রবেশদ্বার এলিফ্যান্ট পাসের দিকেও সেনাবাহিনী অগ্রসর হচ্ছে বলে জানান তিনি৷ প্রসঙ্গত, সেনা অভিযানের মুখে ইতোমধ্যেই স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চি হারিয়েছে তামিল টাইগাররা৷

যুক্তরাষ্ট্রে অর্থ-ঘাটতি রেকর্ড মাত্রা অতিক্রম করেছে

যুক্তরাষ্ট্রে অর্থ-ঘাটতি রেকর্ড মাত্রা অতিক্রম করেছে বলে জানিয়েছে নব-গঠিত মার্কিন কংগ্রেসের বাজেট অফিস৷ তারা জানায়, ২০০৮/২০০৯ সালে দেশের মোট ঘাটতির পরিমাণ ১ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে৷ গত বছরের তুলনায় যা কিনা প্রায় তিন গুণ বেশি৷ উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের প্রথম কাজ হবে বিশ্ব আর্থিক মন্দা মোকাবিলার জন্য একটি কার্যকরী উদ্ধার প্যাকেজ পাস করা৷ আগামী ২০-শে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর, অর্থ প্যাকেজটিতে স্বাক্ষর করবেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা৷ বুধবার যাঁকে ওয়াইট হাউসে স্বাগত জানায় বিদায়ী মন্ত্রীসভা৷ সেখানে ওবামার বলেন : এখানে উপস্থিত সকলেই এই অফিসের দ্বায়িত্ব এবং গুরুত্ব সম্পর্কে অবহিত৷ তাই সকলের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশবাণীর এই সুযোগ পেয়ে, আমি সত্যিই কৃতজ্ঞ৷

অর্থসংকটের প্রভাব এবার জার্মানির চাকরির বাজারে

অর্থসংকটের প্রভাব এবার জার্মানির চাকরির বাজারেও পৌঁছে গেছে৷ কর্মসংস্থান দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর মাসে বেকার মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩১ লক্ষে৷ যা নভেম্বর মাসের চেয়ে প্রায় ১ লক্ষ ১৪ হাজার বেশি৷ আর বর্তমানে জার্মানিতে বেকারত্বের হার মোট ৭ দশমিক ৪ শতাংশ৷ দপ্তরের প্রধান ফ্রাংক ইউর্গেন ভাইজে মনে করেন, যারা স্বল্পকালীন কাজের সঙ্গে যুক্ত তাদের সংখ্যা আগামী মাসগুলিতে বৃদ্ধি পেতে পারে৷ উল্লেখ্য, চলমান অর্থনৈতিক মন্দাবস্থা থেকে উত্তরণে, আগামী মাসে ৪০ থেকে ৫০ বিলিয়ন ইউরোর একটি আর্থিক প্যাকেজের সিদ্ধান্ত নিতে চলেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

ঘানার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আট্টা-মিলস

ঘানার বিরোধীদলীয় নেতা জন আট্টা-মিলস দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন৷ রাজধানী আক্রায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন প্রেসিডেন্ট শপথ নেন৷ গত সপ্তাহে অনুষ্ঠীত ঘানার প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ বছর বয়স্ক আইনজ্ঞ আট্টা-মিলস সরকার পক্ষের প্রতিদ্বন্দ্বীকে প্রায় ০ দশমিক ৫ শতাংশ বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন৷ প্রসঙ্গত, আট্টা-মিলস জন কুফরের স্থলাভিসিক্ত হলেন৷



 

DW-TV EUROPE live

Europa Aktuell - Das Magazin aus Brüssel