| 02.12.2008 | 01:00 UTC
মুম্বই সন্ত্রাসীরা পাকিস্তান থেকে আগত, বলে ভারতের অভিযোগ
পাকিস্তানের হাই কমিশনারকে নূতন দিল্লীর পররাষ্ট্র দপ্তরে ডেকে পাঠিয়ে জানানো হয়েছে, যে পাকিস্তান থেকে আগত ব্যক্তিবর্গ মুম্বই-এ সন্ত্রাস সৃষ্টি করেছে৷ এই ধরণের ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে ভারত প্রত্যাশা করে – হাই কমিশনারকে বলা হয়৷ মুম্বই সন্ত্রাসের একমাত্র জীবিত আততায়ী, আজমল কাসব, দৃশ্যতঃ জেরায় মুম্বই পুলিশকে বলেছে, যে সে পাকিস্তানে বিভিন্ন শিবিরে প্রশিক্ষণ পেয়েছে৷ করাচীর কাছে এবং অন্যত্র লশকর-ই-তৈবার একাধিক শিবিরে প্রায় ছ'মাস ধরে আক্রমণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষণের বিষয় ছিল নিকটযুদ্ধ, পণবন্দী গ্রহণ, বিষ্ফোরকের ব্যবহার, স্যাটেলাইট নেভিগেশন এবং বহির্সমুদ্রে জীবনধারণের কৌশল৷ – অপরদিকে পাকিস্তান পুনরায় মুম্বই সন্ত্রাসে সংশ্লেষের সাক্ষ্য-প্রমাণহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷ এছাড়া ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্রী ডানা পেরিনো বলেছেন, যে পাকিস্তান সরকারের সংশ্লেষের বিষয়ে তিনি কিছু শোনেননি৷ ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রতিনিধি হাভিয়ের সোলানা পাকিস্তানের প্রতি মুম্বই সন্ত্রাসের তদন্তে ভারতীয় কর্ত্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন৷








