| 02.12.2008 | 01:00 UTC
ওবামা ক্লিন্টনকে সরকারীভাবে পররাষ্ট্রমন্ত্রী মনোনয়ন করলেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট বারাক ওবামা তাঁর প্রাক্তন দলীয় প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে সরকারীভাবে নূতন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন করেছেন৷ ক্লিন্টন সম্পর্কে ওবামা বলেন, যে তিনি হিলারি ক্লিন্টনকে বন্ধু, সহকর্মী, সুপরামর্শের উৎস এবং নির্বাচনী অভিযানে একজন কঠোর প্রতিদ্বন্দ্বী হিসেবে চেনেন৷ ক্লিন্টনের বুদ্ধি এবং কর্মক্ষমতা অসাধারণ৷ ক্লিন্টন যে যুক্তরাষ্ট্রের পরবর্ত্তী পররাষ্ট্রমন্ত্রী হবেন, ওবামা সে-বিষয়ে গর্বিত৷ ওবামা এছাড়া রবার্ট গেটস্-কে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বজায় রাখছেন, অর্থাৎ তিনি পররাষ্ট্র- এবং প্রতিরক্ষানীতির ক্ষেত্রে পরম্পরার উপরেই জোর দিচ্ছেন৷ চিকাগোর সাংবাদিক সম্মেলনে ওবামা ইরান এবং উত্তর কোরীয়ার সঙ্গে আণবিক বিরোধের সমাধান এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তিকে তাঁর পররাষ্ট্রনীতির লক্ষ্য বলে চিহ্নিত করেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ক্লিন্টনের মনোনয়নকে একটি শুভ নির্বাচন বলে অভিহিত করেছেন৷ ক্লিন্টন ইউরোপকে ভালোভাবে চেনেন এবং তাঁর সুবৃহৎ আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, বলে স্টাইনমায়ার মন্তব্য করেন৷








