সমাজ জীবন | 29.11.2008
আমি কোন পরিবর্তন দেখি না: সন্তু লারমা
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ডয়চে ভেলেকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, আমার আন্দোলন ব্যর্থ ছিল না৷ আর এ কারণেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷
এক প্রশ্নের জবাবে সাবেক এই গেরিলা নেতা জানিয়েছেন, তাঁর দল জনসংহতি সমিতি এবারের সাধারণ নির্বাচনে অংশ নেবে৷ কোন জোটের সঙ্গে নয়, স্বতন্ত্র ভাবে৷
তিনি বলেন, প্রায় ১১ বছর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ যে সময়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই সময়ে বেশ কিছু ধারা বাস্তবায়িত হলেও অনেক বিষয়ই এখনো বাস্তবায়িত হয়নি৷ কার্যে পরিণত হতে পারে নি অনেক মৌলিক বিষয়৷
চুক্তির আগের পরিস্থিতি ভালো না বর্তমান পরিস্থিতি ভালো? এই প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, চুক্তি স্বাক্ষরের আগে ও পরে আমি কোন পরিবর্তন দেখি না৷
চুক্তি বাস্তবায়নের ব্যাপারে যা কিছু হওয়ার তা শেখ হাসিনা সরকারের সময়েই হয়েছে৷ কিন্তু এর পরবর্তীতে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে, তাদের আমলে চুক্তির কোন ধারা বাস্তবায়িত হয়নি৷ চুক্তির অগ্রগতি হতে পারেনি৷ বরং সে সময়ে বিভিন্ন বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে, জানান সন্তু লারমা৷
এক কথায় তিনি বলেন, পাবর্ত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে৷
পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখানকার পরিবেশ এখনো স্বাভাবিক হতে পারেনি৷ এখানে নানা কারণে মানুষের মধ্যে হতাশা, নিরাশা,ভীতি বিরাজ করছে৷ সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে৷
১৯৯৭ সালের ২রা ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়৷ সন্তু লারমা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেরও চেয়ারম্যান৷














