বিজ্ঞান প্রযুক্তি | 10.10.2008
পরিবেশবান্ধব ডিস্কো
নেদারল্যান্ডসের রটারডামে প্রতিষ্ঠিত হয়েছে নতুন একটি ডিস্কো৷ ডিস্কোতে ডান্স ফ্লোরে আপনি যত নাচবেন, ততই বিদ্যুত্ উত্পাদন হবে৷ ডান্স ক্লাবটির নাম ওয়াট৷ পার্টি যত জমবে, তালে তালে যত মানুষ নাচবে ততই তা হবে পরিবেশ সম্মত৷
এই ডিস্কোকে বলা যেতে পারে ইকোলজিক্যাল ডিস্কো৷ সংক্ষেপে ওকো ডিস্কো৷ নাচিয়েরাই এখানে বিদ্যুত্উত্পাদন করছে এবং সে বিদ্যুত্ দিয়েই চালানো হচ্ছে পুরো ডিস্কো৷
ওকো ডিস্কো৷ নামটি প্রথমে শুনলে মনে হবে কৃত্রিম কোন কিছু থাকবে না৷ সবুজের সমারোহ, থাকবে না সিগারেটের নীল ধোঁয়া, সবার হাতে থাকবে সব্জির ককটেল৷ কিন্তু তার কোনটিই নয়৷ রটারডামের ওয়াট ক্লাবটি সেপ্টেম্বরের শুরুতে চালু হয়৷ উদ্দাম, উন্মাদনা যত থাকবে, যত বাড়বে পরিবেশের জন্য তা হবে ইতিবাচক৷ এই ক্লাবের বিদ্যুত্-এর অর্ধেক খরচ কিন্তু ডান্স ফ্লোর থেকেই উঠে আসছে৷ কিন্তু এই ক্লাবের চমক আরো রয়েছে৷
অন্ধকার এই ডিস্কোর ডান্স ফ্লোরে লাল, নীল এবং সবুজ বাতি জ্বলছে৷ ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে ডান্স ফ্লোর৷ ড্যান রুজেগার্ড বিশেষ এই ডান্স ফ্লোরের রং বেরঙের খেলার আবিষ্কারক৷ তিনি বললেন, আমি যখন নাচতে শুরু করি, তখন পুরো ফ্লোরই জীবন্ত হয়ে উঠে৷ আমি যত নাচবো ফ্লোরের আলো ততই তীব্র হবে, আলোর ঝলকানি ততই বাড়বে৷ এবং ঠিক সেই পরিমাণে বিদ্যুত্ উত্পাদিত হবে৷
৮৬ টি চারকোনা প্লেটের ওপর ডান্স ফ্লোরটি বসানো৷ এবং এই প্লেটগুলো জেনারেটরের সঙ্গে সংযুক্ত৷ নাচের তালে তালে, পায়ের পাতায় পাতায় বিদ্যুত্শক্তি উত্পন্ন হয়৷ প্রতিটি প্লেট অন্তত ২০ ওয়াট বিদ্যুত্উত্পাদন করতে সক্ষম৷ এবং এই বিদ্যুত্শক্তি দিয়েই ক্লাবের ইলেকট্রিসিটির খরচ উঠে আসছে৷ আলাদা কোন খরচের দিকে ক্লাবকে তাকাতে হচ্ছে না৷
ক্লাবের পরিচালক মিশেল স্মিট দিলেন চমকপ্রদ আরেকটি তথ্য৷ তিনি জানালেন, আমরা হিসাব করে দেখেছি প্রতি বছর প্রায় এক লক্ষ সতের হাজার ওয়াট বিদ্যুত্বেঁচে যাচ্ছে৷ এবং আমরা এর মাত্র ৩০ শতাংশ খরচ করছি৷ শুধু তাই নয় প্রায় দশ লক্ষ টনেরও বেশী কার্বন ডাই অক্সাইড কম ব্যবহৃত হচ্ছে৷ শুনে খুব বেশী মনে হচ্ছে না কিন্তু আমাদের এখানে যারা আসে তারা অনেক কম কার্বন ডাই অক্সাইড উত্পাদন করছে৷ বাড়ীতে বসে বিভিন্ন কর্মকান্ড বা সিনেমায় গেলে এর চেয়ে অনেক বেশী খরচ হয়৷
যে থিওরী বা তত্ত্বে ওয়াট চলছে মিশেল স্মিট তা সারা বিশ্বে প্রচার করতে চান৷ রটারডাম হচ্ছে প্রথম পরীক্ষা যদি তা সফল হয় তাহলে এই ধারণা বা এর ব্যবহার গোটা বিশ্বে বাজারজাত করা সম্ভব৷ ইতিমধ্যেই অন্যান্য ইউরোপীয় দেশ তাতে আগ্রহ প্রকাশ করেছে৷ এমনকি অস্ট্রেলিয়ার মত দেশও এগিয়ে এসেছে৷ অনেকেই প্রমাণ দিতে চাচ্ছে যে আনন্দ ফূর্তির মধ্যে দিয়েও পরিবেশের জন্য ইতিবাচক কিছু করা সম্ভব৷
নাচ গান নিঃসন্দেহে আনন্দ বয়ে আনে, যদি সেই অর্থে তা ধরে রাখা যায়৷ ডিস্ক জকি টেড লাংগেনবাখ ক্লাবে কোন ধরনের গান চলবে সে দায়িত্বে রয়েছে৷ সে জানাল, শুধু বিদ্যুত্ বা কার্বন ডাই-অক্সাইড নয় এখানে বিভিন্ন আবর্জনা এবং পানির ব্যবহারও চলে আসছে৷ এ ক্লাবে বাথরুমে যে পানি ব্যবহার করা হয় তা হচ্ছে পুরোপুরি বৃষ্টির পানি৷ প্রায় চার মিলিয়ন লিটার বৃষ্টির পানি ধরে রাখা হয়েছে ক্লাবের পানির খরচ মেটানোর জন্য৷
ওয়াটের রেস্টুরেন্টের দায়িত্বে রয়েছে মিনকে ভেরডনার৷ সে জানালো খাবারের ব্যবস্থাপনার নানা তথ্য৷ সে বলল, আমরা সে ধরনের খাবার পরিবেশন করি যখন যা বাজারে পাওয়া যায়৷ ৯৯ শতাংশ খাবার প্রাকৃতিক উপায়ে ফলানো হয় এবং যে পরিবহনের সাহায্যে খাবার আসে তা যথাসাধ্য কম রাখতে৷ অর্থাত্ খাবার যেন বেশীক্ষণ রাস্তায় বা পথে না থাকে৷ আমরা সালাদ পরিবেশন করি এবং সেই সালাদ সরবরাহকারী দোকানটি ক্লাবের ছাদ থেকেই দেখা যায়৷
এই ক্লাব পরিবেশ বন্ধুভাবাপন্ন কিনা তা আগামী কয়েক মাসের মধ্যেই প্রমাণ হয়ে যাবে৷ সর্বপ্রথম যে এই ক্লাবে এসেছে তার নাম রুড৷ ২১ বছর বয়সী রুড ব্যক্ত করলো তার উচ্ছ্বসিত অভিমত, আমি বাইরে বাইরেই সময় কাটাই বেশী৷ আম্সটারডাম থেকে শুরু করে আশে পাশের সব শহরে৷ কিন্তু এই ক্লাব এক কথায় অসাধারণ৷ আমার কাছে পুরো বিষয়টিই দারুণ মনে হয়৷ জ্বালানী শক্তির বিভিন্ন দিক এখানে স্পষ্ট৷ এটা সাধারণ মানুষের জন্য অত্যন্ত জরুরী৷ কিভাবে জ্বালানী শক্তির অপচয় রোধ করা যায়৷ আনন্দ- ফূর্তি, গান-বাজনা, হিসেব নিকেশ সব কিছু একসঙ্গে বাঁধা৷










