1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

চলতি ঘটনা  | 10.10.2008

নোবেল শান্তি পুরস্কার পেলেন মার্টি আহতিসারি

২০০৮ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্টি আহতিসারি৷ তিন দশক ধরে বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি স্থাপনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মানজনক পুরস্কার দেয়া হয়েছে৷

নরওয়ের রাজধানী অসলোতে শুক্রবার এই পুরস্কারের ঘোষণা দেয় নোবেল ফাউন্ডেশন৷

বিশ্বের সংঘাতময় নানা প্রান্তে শান্তির পতাকা উড়াতে ছুটে গেছেন মার্টি আহতিসারি৷ আর তারই পুরস্কার হিসেবে শান্তিতে নোবেল জয় করলেন ৭১ বছর বয়সী সাবেক এই ফিনিশ প্রেসিডেন্ট৷ নোবেল কমিটির ভাষায়, আলফ্রেড নোবেলের চেতনার সেই মানুষ আহতিসারি, যিনি শান্তিপূর্ণ বিশ্ব আর দেশে দেশে সৌহার্দ্য প্রতিষ্ঠায় দশকের পর দশক ধরে ভূমিকা রেখেছেন৷ আর তাই শান্তি পুরস্কারের জন্য মনোনীত  ১৯৭ জনের মধ্য থেকে বেছে নেয়া হয়েছে তাঁকে৷

নোবেল শান্তি পুরস্কার জয়ের পর নরওয়ের রেডিওকে আহতিসারি জানিয়েছেন, এতে তিনি খুবই খুশি, এজন্য নোবেল কমিটির প্রতি তিনি কৃতজ্ঞ৷

১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ছিলেন আহতিসারি৷ তাঁর মধ্যস্থতায় ২০০৫ সালে ইন্দোনেশিয়ায় আচেহ বিদ্রোহী ও সরকারের মধ্যে ৩০ বছর ধরে চলা সংঘাতের অবসান হয়৷ স্বাধীন নামিবিয়া প্রতিষ্ঠায় গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন তিনি৷ দেশটির স্বাধীনতার জন্য ৭০-এর দশক থেকে কাজ করেছেন তিনি৷ অবশেষে ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভ করে নামিবিয়া৷ কসোভোর জাতিগত সংঘাত বন্ধে জাতিসংঘ শান্তি দূতের ভূমিকা ছিলো তাঁর৷ হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলীয় দেশগুলোতে মানবিক সংকট মোচনেও  জাতিসংঘ শান্তি দূত ছিলেন তিনি৷ উত্তর আয়ারল্যান্ডে সংঘাতের অবসানেও ভূমিকা রেখেছেন তিনি৷ কাজ করেছেন ইরাকের জন্যও৷ 

শান্তি প্রতিষ্ঠার সব কাজের মধ্যে নামিবিয়ার স্বাধীনতা লাভকে সবচেয়ে বড় অর্জন মনে করেন আহতিসারি৷ কারণ নামিবিয়ানদের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ লড়াইয়ে সঙ্গী ছিলেন তিনি৷ যার স্বীকৃতিতে আহতিসারিকে সম্মানসূচক নাগরিকত্ব দেয় দেশটি৷

নোবেল পুরস্কার হিসেবে আহতিসারি স্বর্ণ পদক ও সার্টিফিকেট ছাড়াও পাচ্ছেন ১৪ লাখ মার্কিন ডলার৷ পুরস্কারের অর্থও বিশ্ব শান্তির জন্য ব্যয় করতে চান তিনি৷ আগামী ১০ই ডিসেম্বর নোবেল পুরস্কারের জনক ডিনামাইটের আবিস্কারক আলফ্রেড নোবেলের মুত্যুবার্ষিকীতে নরওয়ের অসলোয় আনুষ্ঠানিকভাবে অন্য বিজয়ীদের সঙ্গে তাঁর হাতেও তুলে দেয়া হবে পুরস্কার৷

 

হাফসা হোসাইন

 
এই প্রতিবেদন অন্যদের পাঠান

আমাদের ই-মেল পাঠানঅন্যদের পাঠানপ্রিন্ট করুন

Weitere Schlagzeilen



 

DW-TV EUROPE live

Journal (english) - With Business